আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করার নির্দেশ
মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার রাত ৮টার দিকে দেশে ফিরবেন। তাঁর আগমন উপলক্ষে নেতাকর্মীদের কোনো ধরনের মিছিল বা শোডাউন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সফরসঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। তাঁর বহনকারী বিমান রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাঁর দেশে ফেরা উপলক্ষে কোনো ধরনের শোডাউন বা শক্তি প্রদর্শন করা হবে না।
