চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে যোগাযোগ সংকটের মধ্যে অক্সিজেনের নল লাগিয়ে উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিয়ে স্পিডবোটে মুমূর্ষু এক বৃদ্ধাকে চট্টগ্রামে নেওয়ার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্বীপ উপজেলার রোগী পরিবহন ব্যবস্থা নিয়ে সমালোচনা চলছে।
রবিবার সকাল ১০টার দিকে সন্দ্বীপ পৌরসভার তালতলি বাজার এলাকার বাসিন্দা রওশন আরা বেগমকে (৮০) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়।

রওশন আরার ছেলে জাহাঙ্গীর কবির জানান, শ্বাসকষ্টজনিত সমস্যায় শনিবার রাতে তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সন্দ্বীপের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রামে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৈরি আবহাওয়ার মধ্যে গুপ্তছড়া ঘাটে রোগী পরিবহনে প্রয়োজনীয় সহায়তা না পেয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে ঝুঁকি নিয়ে স্পিডবোটে কুমিরা ঘাটে পৌঁছান তারা। সেখান থেকে রওশন আরাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তাল ঢেউ ও বৃষ্টির মধ্যে অক্সিজেনের সহায়তায় বৃদ্ধাকে নিয়ে স্বজনরা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করছেন।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস জানান, রোগী পারাপারের জন্য থাকা দুটি সি-অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল রয়েছে। নতুন সি-অ্যাম্বুলেন্সের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।
