Total Views: 4
নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষার্থী আটক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারিয়া সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির পর তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
রোববার স্থানীয়রা ঝোপের মধ্যে একটি মরদেহ ও স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
