টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে টেকনাফের কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ৮০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক পাচার রোধে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
