আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে গৃহবধূ ও জেলের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকা থেকে গৃহবধূ উম্মে হাবিবার (২২) মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকালে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় জেলে জিকু সর্দ্দারের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে জিকুর স্ত্রী জানান, কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, দুটি মরদেহই উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং জেলের মৃত্যুর ঘটনাও তদন্ত করা হচ্ছে।
