চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে।

নিহত নেতার নাম মো. শামীম (৪০)। তিনি সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম–পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানায়, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ সেলিম সীতাকুন্ড বার্তাকে বলেন, গতকাল তাঁর ভাই বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কিছু লোক এসে তাঁর ভাইকে সেখান থেকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। এরপর বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে। প্রায় ১৫ দিন আগে এলাকার ইরান নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের বিবাদ হয়েছিল। এ বিবাদ থেকে এ ঘটনা ঘটতে পারে।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম সীতাকুন্ড বার্তাকে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় রাতেই পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
