সীতাকুণ্ড মহাসড়কে মাইক্রোবাসে হামলা, যাত্রীদের স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট

মেহেদী হাসান সাকিব, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এস.কে.এম জুটমিল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেছে একদল ডাকাত। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ওই সময় মহাসড়কে বৃষ্টি ও যানজট চলছিল। এ সুযোগে ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে মাইক্রোবাসটির ওপর হামলা চালায়। তারা গাড়ির বাঁ পাশের তিনটি জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে যাত্রীদের কাছ থেকে একটি স্বর্ণের আংটি, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, “বৃষ্টি ও যানজটের সুযোগ নিয়ে কিছু ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারে আমাদের নিয়মিত টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।”
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, ডাকাতরা প্রায়ই সড়কের পাশের বড় গাছের আড়াল বা ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। সুযোগ পেলেই বিশেষ করে প্রবাসীদের বহনকারী গাড়িগুলোকে টার্গেট করে তারা হামলা চালায়। এর বাইরেও মাঝেমধ্যে ব্যক্তিগত গাড়িতে হানা দেয় এই ডাকাতচক্র। ফলে রাতের মহাসড়কে যাত্রী-আরোহীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে ঈদুল আজহা বা কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই রাতের মহাসড়কে পশুবাহী যানবাহনে ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির আশঙ্কা বাড়ছে। এতে করে ট্রাক, মিনিট্রাক, পিকআপ চালক এবং পশু ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top