সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু, পর্যটকদের কী হবে

সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা পর্যটকেরা

খাগড়াছড়ির সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সড়কে গাছের গুঁড়ি ফেলা হয়েছে। আজ সকালে সাজেকের উজো বাজার এলাকায়

অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াত ব্যাহত হয়।

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা জানান, পর্যটন মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার পর্যটক মাহিন্দ্রা ও জিপে সাজেক ভ্রমণে যান। অবরোধের কারণে রোববার সকালে সাজেকগামী অনেক পর্যটক বাঘাইহাটে আটকা পড়েন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। অবরোধের কারণে তাঁদের যাতায়াতেও সমস্যা তৈরি হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গাড়ি চলাচলের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি বের করা এবং বাঘাইহাট থেকে সাজেকগামী গাড়ি ছাড়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top