শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারে উঠতে পারে দাম

মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন ভিটোলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল হার্ডি।

মঙ্গলবার লন্ডনে এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং আরও প্রায় ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। এই সরবরাহে বড় ধরনের বাধা তৈরি হলে বাজারে সংকট দেখা দিতে পারে।

হার্ডির মতে, শীত মৌসুমের আগে পশ্চিমা দেশগুলোর তেলের মজুত তুলনামূলক কম রয়েছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন ১ কোটি থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল সরবরাহ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। সরবরাহ কমে গেলে জ্বালানির দাম দ্রুত বাড়তে পারে।

শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের অয়েল কো-অর্ডিনেশন গ্রুপ। সেখানে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জোটের পরবর্তী অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে বড় সংকট এড়ানো সম্ভব। তবে দীর্ঘস্থায়ী সরবরাহ বিঘ্নিত হলে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন, বিদ্যুৎ ও শিল্প খাতেও বাড়তি চাপ তৈরি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top