চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসা মোহাম্মদ তুসার (৩৩) নামে ওই যাত্রীকে আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়। পরে যৌথ অভিযানে তার দেহ তল্লাশি করে অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সিআইআইডি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট এবং প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার রয়েছে। এছাড়া তার পাসপোর্ট, মোবাইল ফোন ও বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা তল্লাশি এড়াতে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে বিশেষভাবে লুকিয়ে বাংলাদেশে আনার চেষ্টা করা হয়েছিল। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে সিআইআইডি।
