ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে পর্তুগাল বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির মার্কেটিং বিশেষজ্ঞ ড্যানিয়েল সা। তার মতে, পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে এখন থেকেই রোনালদো-পরবর্তী সময়ের জন্য নতুন ব্র্যান্ড কৌশল তৈরি করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পর্তুগাল জাতীয় দলের ব্র্যান্ড পরিচয় রোনালদোকেন্দ্রিক। তাই তার বিদায়ের পর মিডিয়ার আগ্রহ, স্পনসরশিপ এবং বাণিজ্যিক আয়ের বড় একটি অংশ কমে যেতে পারে।

ড্যানিয়েল সা আরও বলেন, গত দুই দশকে রোনালদোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ফেডারেশন অসংখ্য লাভজনক বাণিজ্যিক চুক্তি করেছে। এখন রোনালদোর বাইরে নতুন তারকা ও নতুন ব্র্যান্ড পরিচয় গড়ে তোলার দিকে গুরুত্ব দিতে হবে।
তার মতে, রোনালদো শুধু একজন ফুটবলার নন; তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সফল ব্যবসায়ী। ফলে ফুটবল থেকে অবসর নিলেও তার ব্যক্তিগত ব্র্যান্ডের মূল্য আরও বাড়বে।
