কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে ঢলে ভেসে আসা কাঠ (লাকড়ি) ধরতে গিয়ে নদীর প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে সাজিদুল ইসলাম সাজিদ (১২) নামে এক শিশু।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাসনাকাটা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাজিদ ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কুনারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঈদগড় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, কয়েকজনের সঙ্গে ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে নেমেছিল সাজিদ। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালিয়ে সাজিদকে উদ্ধারের চেষ্টা করছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
