৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষায় সময়সীমা বাড়ানোর দাবি দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

সোমবার প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো চিঠিতে সমিতির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত দেশের খুচরা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে।
চিঠিতে বলা হয়, অনেক ক্রেতা কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় কেনাকাটা করতে পারেন না। তারা বিকেল বা সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ না থাকলে ব্যবসায়ীরা প্রত্যাশিত বিক্রি থেকে বঞ্চিত হন। এতে ব্যবসা সংকুচিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও হুমকির মুখে পড়ে।

চিঠিতে আরও বলা হয়, দোকানপাট ও শপিং মল খোলার সময়সীমা বাড়ানো হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল মন্ত্রিসভার এক বৈঠকে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের অনুরোধে সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা কার্যকর করা হয়।
