মোবাইল ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ১৫৭ ফোন ,
চট্টগ্রামে চুরি ও ছিনতাই হওয়া ১৫৭টি মোবাইল ফোনসহ একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫টি ল্যাপটপ, নগদ টাকা, শতাধিক সিম কার্ড এবং মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের বিশেষ যন্ত্রপাতি।

পুলিশ জানায়, প্রথমে হালিশহর এলাকা থেকে এক সদস্যকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দনকানন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখানে চক্রের মূলহোতাসহ আরও চার সদস্যকে আটক করা হয়।
তদন্তে জানা গেছে, গ্রেফতাররা বিভিন্ন চোর ও ছিনতাইকারী দলের কাছ থেকে কম দামে মোবাইল সংগ্রহ করে প্রযুক্তির সাহায্যে সেগুলোর আইএমইআই নম্বর ও বাহ্যিক অংশ পরিবর্তন করতেন। পরে এসব মোবাইল সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হতো, ফলে প্রকৃত মালিকদের পক্ষে ফোন শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
