ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশজুড়ে চলা শিক্ষার্থী আন্দোলনের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের নেতারা দাবি করেছেন, শিক্ষাব্যবস্থার অনিয়ম ও নিট কেলেঙ্কারির প্রতিবাদে তরুণদের দীর্ঘ আন্দোলনের ফলেই সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের কণ্ঠস্বরের কাছে সরকারের অহংকার পরাজিত হয়েছে এবং এটি ভারতীয় গণতন্ত্রের বড় জয়।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, এটি রাজপথে আন্দোলন করা লাখো তরুণের বিজয়। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদা বলেন, পদত্যাগের সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। তার মতে, দেশের তরুণদের পরীক্ষাব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে এখন শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন।
এদিকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাব্যবস্থা দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত রাহুল গান্ধীর নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।
