নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদি দোকানসহ ১৬ খাত
প্রস্তাবিত বাজেট অনুমোদিত হলে আগামী অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ ১৬ ধরনের ব্যবসা নির্দিষ্ট ভ্যাট ব্যবস্থার আওতায় আসবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। রাজস্ব আহরণ বাড়াতে এবং কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে নতুন কয়েকটি ব্যবসায়িক খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত তালিকায় রয়েছে মুদি ও কাপড়ের দোকান, কনফেকশনারি, কসমেটিকস, ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, হার্ডওয়্যার ও স্যানিটারি দোকান, টাইলস, রড-সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্টসহ মোট ১৬টি খাত।
সরকারের আশা, নতুন খাতগুলোকে ভ্যাট ব্যবস্থার আওতায় আনলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং কর কাঠামো আরও কার্যকর হবে।
