ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬৪, ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, প্রাণহানি ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা বিবেচনায় প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

রাজধানী কারাকাসে ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা
রাজধানী কারাকাসে ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা

ইউএসজিএস জানায়, বুধবার বিকেলে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ এবং অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ১৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের পূর্ণাঙ্গ তথ্য এখনো এই হিসাবের অন্তর্ভুক্ত হয়নি। সেখানে বহু ভবন ধসে পড়েছে এবং বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ভেঙে পড়া একটি ভবন
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ভেঙে পড়া একটি ভবন

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পর্যন্ত নিখোঁজ হিসেবে ১০ হাজারের বেশি মানুষের তথ্য নিবন্ধিত হয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্যোগ মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতায় উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হচ্ছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top