
ভুলতে বসা রোগ হাম চলতি বছর বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন, যা এ সময়ে বিশ্বের সর্বোচ্চ।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ভারতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৭ জন এবং ইয়েমেনে ১৪ হাজার ৫২১ জন। ফলে সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানের হার কমে যাওয়াই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিয়মিত টিকাদানের হার নেমে আসে ৫৯ শতাংশে, যা প্রয়োজনীয় ৯৫ শতাংশ কাভারেজের অনেক নিচে। তাদের সতর্কবার্তা, দ্রুত টিকাদান জোরদার না হলে ভবিষ্যতেও বড় ধরনের হামের প্রাদুর্ভাবের ঝুঁকি থেকে যাবে।
