মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইকুয়েডর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেকাচেসে জানান, তার চুক্তি বিশ্বকাপ পর্যন্তই ছিল এবং প্রতিশ্রুতি অনুযায়ী দলকে সেরা ফল এনে দিতে না পারায় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।

‘আমরা চেয়েছিলাম এটি ইকুয়েডরের সেরা বিশ্বকাপ হোক। সেটা সম্ভব হয়নি। তাই এখন বিদায় বলার সময়,’ বলেন আর্জেন্টাইন এই কোচ।
তিনি স্বীকার করেন, প্রথমার্ধে মেক্সিকোর চেয়ে পিছিয়ে ছিল তার দল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
বিদায়ের সময় খেলোয়াড়দের প্রশংসা করে বেকাচেসে বলেন, ‘এটি ইকুয়েডরের অন্যতম তরুণ দল। তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আছে শুধু কৃতজ্ঞতা। দেশের মানুষ ও খেলোয়াড়দের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সবসময় মনে থাকবে।’
জার্মানির বিপক্ষে দারুণ জয় দিয়ে নকআউটে উঠলেও শেষ পর্যন্ত মেক্সিকোর বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ইকুয়েডরের। সেই সঙ্গে শেষ হয় বেকাচেসের কোচিং অধ্যায়ও।
