অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ইতোমধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি সহায়তাও চলবে।
অর্থমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে সংস্কারকাজও শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে তিনি চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম পরিদর্শনে যান।
