প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট; ৯৯৯-এ ফোনে উদ্ধার দুই নারী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে আটকে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট; ৯৯৯-এ ফোনে উদ্ধার দুই নারী

বুধবার ভোরে ছাদেকনগর গ্রামের দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভোরের দিকে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। তারা প্রথমে আশপাশের কয়েকটি ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। পরে গ্রাইন্ডার মেশিন দিয়ে দরজা কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে। এ সময় ঘরে ব্যাপক ভাঙচুরও চালানো হয়।

হামলার সময় প্রবাসীর মা ও স্ত্রী কৌশলে একটি কক্ষে আশ্রয় নিয়ে ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top