
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের মুখে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিট’সহ একাধিক জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি প্ল্যাটফর্মের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ করছেন।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ।
এদিকে ২৬ দিনের অনশন শেষে আন্দোলনের প্রতি সংহতি জানানো পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক অনশন ভেঙেছেন। এরপর সরকারের দুই মন্ত্রী ও সিজেপি নেতাদের মধ্যে বৈঠক হয়েছে, যা সংকট সমাধানের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।
মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে।
তবে সিজেপির দাবি, সরকারের ঘোষণা যথেষ্ট নয়। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, সরকার মূল দাবি এড়িয়ে যাচ্ছে এবং শিক্ষামন্ত্রীকে অপসারণে অনিচ্ছুক। তাদের ভাষ্য, সরকার আলোচনার জন্য শনিবার পর্যন্ত সময় চেয়েছে, তবে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার হবে।
