ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের ম্যাচ বর্জনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন Tamim Iqbal। তিনি জানিয়েছেন, সমস্যার সমাধানে ক্রিকেট বোর্ড, ক্লাব ও ক্রিকেটারদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার পারিশ্রমিক বকেয়া থাকায় ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ম্যাচে অংশ নেননি। ফলে ওয়াকওভার পেয়ে জয় পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন অবনমনের মুখে পড়ে।
এ বিষয়ে তামিম বলেন, ক্লাব কর্তৃপক্ষ ও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। সবার অংশগ্রহণে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার চেষ্টা করা হবে। প্রয়োজনে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে নিয়মের বাইরে গিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করা হতে পারে।
এদিকে ব্রাদার্স কর্তা আমিন খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তামিম। তিনি জানান, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
