চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মজুপাড়া এলাকায় বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ডেইরি খামারিদের পাশে সরকার রয়েছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও গোখাদ্য বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি অ্যাসোসিয়েশনটি বন্যাকবলিত চার উপজেলায় ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করছে, যাতে ক্ষতিগ্রস্ত খামারিরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন।
অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর বলেন, বন্যার কারণে গোখাদ্যের সংকটে পড়া ডেইরি খামারিদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাই জরুরি ভিত্তিতে এই সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।
