চট্টগ্রামে ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত ৩০৫

চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ জনে, যা বছরের মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।

মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, বছরের শুরু থেকে ২১ জুলাই পর্যন্ত জেলায় মোট ৬০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী এবং ৪ জন শিশু। তাদের বেশির ভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৩৬ জন মহানগরের, ২৪৭ জন উপজেলার এবং ১২০ জন জেলার বাইরে থেকে চিকিৎসা নিতে এসেছেন। চলতি বছরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। তিনি সবাইকে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top