চসিকের লক্ষ্য ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ জন্য নগরীর ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৩২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার চসিকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৭২ হাজার শিশু রয়েছে। প্রথম শ্রেণির শিশুদের নীল রঙের (১ লাখ আইইউ) এবং দ্বিতীয় শ্রেণির শিশুদের লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মেয়র বলেন, কোনো শিশু ক্যাম্পেইনের দিনে বাদ পড়লে পরবর্তীতে নিকটস্থ ইপিআই কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূর, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ পরিচালিত ক্যাম্পেইনে চসিক এলাকায় ৬-১১ মাস বয়সী শিশুদের মধ্যে ৯৮ দশমিক ৬২ শতাংশ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ৯৯ দশমিক ৯৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল।

