
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত ইয়াছিন আরাফাত রনি (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত রনি ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা।
স্থানীয় একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন তিনি। গত শুক্রবার বিকেলে মহাসড়কের জলিল গেট এলাকায় একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। তবে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিলো। রবিবার রাতে তিনি মারা গেছেন।
