চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পূর্ববিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন নিহতের স্বজনরা।
নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ে সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে মোজাম্মেলের বিরোধ চলছিল। মঙ্গলবার বিষয়টি নিয়ে স্থানীয় বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে পরে আব্দুল মান্নানের ওপর হামলা চালান মোজাম্মেল। রাতে এশার নামাজ পর বাড়ি থেকে বের হয়ে অন্ধকার একটি স্থানে পৌঁছালে পেছন থেকে তার ওপর হামলা করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
