চট্টগ্রামে বাসের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশা চালকের

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত ,

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে মো. ইয়াছিন আরাফাত আকাশ (১৯) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনা

নিহত আকাশ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আকাশ তার অটোরিকশা নিয়ে মহাসড়কের পশ্চিম পাশে উল্টোপথে চলছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আকাশের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top