চট্টগ্রামের ফ্রি-ট্রেড জোনে বিনিয়োগে এগিয়ে আসতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিবেদন:
বুধবার নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানি বাজার। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের এখনই উপযুক্ত সময়।
তিনি চট্টগ্রাম অঞ্চলে ঘোষিত ফ্রি-ট্রেড জোনের সুযোগ কাজে লাগিয়ে মার্কিন বিনিয়োগকারীদের শিল্প, অবকাঠামো, বন্দর ও যোগাযোগ খাতে বিনিয়োগের আহ্বান জানান।
জবাবে মার্কিন কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট বলেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকার ও বিডার সঙ্গে কাজ করছে। পাশাপাশি বিনিয়োগ আকর্ষণে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
