
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাত জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার কোস্ট গার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ জুলাই সন্দ্বীপের দক্ষিণ উপকূলে একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।
এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত সাত জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা বোট থেকে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, পাঁচটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
