অনুমোদনহীন ওজন কমানোর ওষুধ বিক্রি, চট্টগ্রামে প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরের একটি শপিং সেন্টারে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওজন কমানোর ওষুধ জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ঘটনায় ‘বিউটিওলজি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্র জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে বিক্রির জন্য রাখা অনুমোদনহীন ওজন কমানোর ওষুধ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিএসটিআইয়ের লাইসেন্স রয়েছে বলে দাবি করা হলেও যাচাই করে তা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য হিসেবে প্রমাণিত হয়।
এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা পণ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন অননুমোদিত, ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
