চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের ভোটের ফল স্থগিত রাখার নির্দেশ বহাল

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ারের ভোটের ফলাফল আপাতত স্থগিতই থাকছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ভোটের ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত থাকবে।

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর।
বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর

মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের করা আপিল নিষ্পত্তি করে আদালত এ নির্দেশনা দেন।

এর আগে, ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে রিট করলে তাকে নির্বাচনে অংশগ্রহণ এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী।

আপিল বিভাগের আগের আদেশ অনুযায়ী, সারোয়ার নির্বাচনে জয়ী হলেও তার ফলাফল প্রকাশ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। মঙ্গলবারের আদেশে সেই স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে।

সারোয়ার আলমগীরের পক্ষে আইনজীবী আহসানুল করিম জানান, হাইকোর্টে রুল নিষ্পত্তির আগ পর্যন্ত তার নির্বাচনি ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত থাকবে। রুলের নিষ্পত্তির মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top