চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে জেলেদের জালের বাধা, লাইটার জাহাজ বন্ধের হুঁশিয়ারি
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার জাল ফেলায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। জাহাজের প্রপেলারে জাল পেঁচিয়ে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনাও ঘটছে। পাশাপাশি ফিশিং বোট থেকে নাবিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
সমস্যার সমাধান না হলে আগামী ১৭ আগস্টের পর বহির্নোঙরে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে তারা বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরসীমা ও জাহাজ চলাচলের পথে অবৈধভাবে মাছ ধরা বা জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। বুধবার যৌথ অভিযানে ২৮ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৪ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শিপিং সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ চলাচলের নির্ধারিত পথে জাল ফেলার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত এসব জাল সরিয়ে নির্দিষ্ট এলাকায় মাছ ধরার ব্যবস্থা না করলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

