চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘সিএনসি ইউরেনাস’ রাতভর অভিযান চালিয়ে সফলভাবে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে স্টিয়ারিং বিকল হয়ে ১ হাজার ২৮২ টিইইউএস কনটেইনারবোঝাই জাহাজটি কর্ণফুলী নদীর চ্যানেলে আটকে যায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে সাতটি টাগবোট ব্যবহার করে গভীর রাতে জাহাজটিকে নিরাপদে উদ্ধার করে বি অ্যাঙ্করেজে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বন্দর কর্তৃপক্ষ জানায়, স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি একটি লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে নদীর মোহনা-সংলগ্ন রিটেইনিং ওয়ালে আটকে যায়। উদ্ধার অভিযান শেষে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও পেশাদার অভিযানের ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখা গেছে।
