অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহ এড়াতে আসামিদের পরিকল্পনার অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, হত্যার আগে নিজেদের সন্দেহের বাইরে রাখার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ফাহাদ বিভিন্ন গোয়েন্দা সিরিজ দেখে অপরাধের পর তদন্ত এড়ানোর কৌশল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছিল। ঘটনার আগে ও পরে কয়েক দিন সে নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে বাইরে যাতায়াত করত বলেও তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীদের ধারণা, মোবাইল বাড়িতে রেখে যাওয়ার মাধ্যমে প্রযুক্তিগত তদন্তে তার অবস্থান যেন ঘটনাস্থলের বাইরে বা বাড়িতে দেখা যায়, সেই পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল ফাহাদ। আটকের পরও সে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে লোকেশন যাচাইয়ের কথা বলে।
গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে সানন্দা এলাকায় অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন, ফাহাদসহ চারজনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মামলার তদন্ত অনেকটা এগিয়েছে। আটক আসামিদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শিগগিরই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
