
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র ছেলে এবং আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, পরীক্ষার কারণে তিনি কয়েকদিনের ছুটিতে ছিলেন। সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে গেলে সেটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনার পর আব্দুল হান্নান শাহ্ নামে এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
