এসএসসি ফলে এগিয়ে ঢাকা বোর্ড, পাসের হার ৭১.৬৩ শতাংশ
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও শীর্ষে ঢাকা বোর্ড; এ বোর্ডে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ এবং চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ।
এ ছাড়া সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
