ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রতিনিধি পরিষদে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তার যুদ্ধক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব ২১৫-২০৮ ভোটে পাস হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, চার রিপাবলিকান ও সব ডেমোক্র্যাট সদস্য মিলে তার যুদ্ধক্ষমতা সীমিত করার পক্ষে ভোট দিয়েছেন। তিনি এ ভোটকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের ‘দেশপ্রেমহীন’ বলে সমালোচনা করেন।
প্রস্তাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে হলে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে অথবা মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। যদিও হোয়াইট হাউস এ পদক্ষেপকে অসাংবিধানিক বলে দাবি করেছে।
এদিকে রিপাবলিকান দলের কয়েকজন সদস্যও প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ায় দলের অভ্যন্তরীণ বিভক্তি সামনে এসেছে। সমর্থকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের ওপর যুদ্ধ বন্ধের চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
