আর্জেন্টিনার সামনে ইতিহাস গড়ার স্বপ্নে কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথমবার খেলেই ইতিহাস গড়ে নকআউট পর্বে উঠেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। তবে শেষ ষোলোয় তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার (৪ জুলাই) ভোরে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পাওয়া আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবে কেপ ভার্দে।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাসেও এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। ২৫ হাজারবারের সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১২.৩ শতাংশ।
অতিরিক্ত সময় ও টাইব্রেকারের হিসাব ধরলেও আর্জেন্টিনার শেষ আটে ওঠার সম্ভাবনা ৮৯.৪ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১০.৬ শতাংশ। তবু ফুটবলের অনিশ্চয়তার সৌন্দর্যই ভরসা আফ্রিকার দলটির।
