অস্ট্রেলিয়ার ভুয়া পেজ খুলে ভিসা প্রতারণা, চক্রের তিন সদস্য আটক
উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রংপুরে একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তারা ভুয়া ফেসবুক পেজ ও জাল কাগজপত্র ব্যবহার করে বিদেশে চাকরি ও ভিসার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—রংপুর নগরীর উত্তম হাজীরহাট এলাকার রুহানুর রহমান (২৩), নীলফামারীর সৈয়দপুর উপজেলার শফিক ইসলাম (৩১) এবং কিশোরগঞ্জ উপজেলার হিমেল ইসলাম (২২)।
পুলিশ জানায়, নগরীর কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, জাল অফার লেটার, ভিসা সংক্রান্ত নথি, অর্থ গ্রহণের রশিদ এবং ভুয়া বিমান টিকিট উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, প্রতারক চক্রটি অফিসে ব্যানার ও নেমপ্লেট ব্যবহার করে নিজেদের বৈধ প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিত। পরে ভুয়া ভিসা ও অন্যান্য কাগজপত্র তৈরি করে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল অর্থ আদায় করত।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
