হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে: ইরান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবির এক দিন পর ইরানের পক্ষ থেকে এ বক্তব্য এল।
ইরানের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তায়েব বলেন, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণেই রয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে যুদ্ধের মাধ্যমে ইরানের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি।

এদিকে আইআরজিসির জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন, সংঘাত যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাও তত বাড়বে ইরানের।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা এখন স্থবির হয়ে আছে। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে আগের সমঝোতার শর্ত না মানার অভিযোগ তুলছে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার পাশাপাশি শান্তি প্রক্রিয়াও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
