বগুড়ায় উড়ালসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩
ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার তাপশ সরকার (৩৫) ও তাঁর ছেলে তীব্র সরকার (১৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে গেলে চালক ও সহকারী সেটি মেরামত করছিলেন। এ সময় রংপুরগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের কেবিন দুমড়েমুচড়ে গিয়ে তিনজন আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
