
গুয়াতেমালার সক্রিয় ফুয়েগো আগ্নেয়গিরি থেকে নতুন করে ছাই, গ্যাস ও কাদার ঢল নির্গত হওয়ায় দেশটির তিনটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১ হাজার ৭০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাকাতেপেকুয়েজ, এসকুইন্তলা ও চিমালতেনাঙ্গো জেলায় প্রায় ২৯ হাজার মানুষ ছাইপাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগ্নেয়গিরি থেকে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ কাদার ঢল নেমে আসছে। ভারী বৃষ্টির আশঙ্কায় আগামী ৭২ ঘণ্টা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে আগ্নেয়গিরির পাশের জাতীয় রুট-১৪ মহাসড়ক বন্ধ রাখা হয়েছে এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে, সুপেয় পানির উৎস ঢেকে রাখতে এবং ছাই থেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেড।
উল্লেখ্য, ২০১৮ সালে ফুয়েগোর ভয়াবহ অগ্ন্যুৎপাতে কয়েকশ মানুষ নিহত হয়েছিল এবং একটি পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। এবারও সেই ধরনের বিপর্যয় এড়াতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে কর্তৃপক্ষ।
