ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন (৩৫) ও জহির উদ্দিন (৫২) নামের দুই ব্যক্তি মারা গেছেন। রবিবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়য়নের চৌধুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা উপজেলা মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা। এরমধ্যে জয়নাল স্থানীয় কালা পীরশাহ জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন। আর জহির একই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, জয়নাল ও জহির মোটর সাইকেলে করে কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। চৌধুরীহাট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের সাথে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।
