ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, সীতাকুণ্ডে চার ফার্মেসিকে ৭৩ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংসের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ড বাজারের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে একাধিক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও ভেজাল ওষুধের পাশাপাশি চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে প্রচলিত ঔষধ আইন অনুযায়ী চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদুল তাবাসসুম এবং সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তায় মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আয়াত ফার্মেসিকে ১৫ হাজার, নুসরাত ফার্মেসিকে ২৫ হাজার, জোসমা ফার্মেসিকে ৩০ হাজার এবং ফারুক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
