সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার বজায় রাখতে পারেন, এমন বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় হেবা করার পর বাবা-মা সম্পত্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অনেক ক্ষেত্রে সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়, যা নানা পারিবারিক জটিলতা ও দেওয়ানি মামলার জন্ম দেয়।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, সন্তানকে সম্পত্তি গিফট করলেও বাবা-মা জীবদ্দশায় সেটি ব্যবহার ও ভোগদখলের অধিকার রাখবেন। এ সময় বাবা-মা ও সন্তানের উভয়ের সম্মতি ছাড়া কেউই সম্পত্তি বিক্রি করতে পারবেন না।
তবে জরুরি প্রয়োজনে, যেমন চিকিৎসার খরচ মেটাতে সম্পত্তি বিক্রি প্রয়োজন হলেও সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে আদালতের।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এই পরিবর্তন কার্যকর হলে পারিবারিক বিরোধ ও সম্পত্তিসংক্রান্ত দেওয়ানি মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি তিনি জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগও সরকার নিরপেক্ষভাবে তদন্ত করবে।
