বগুড়া শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নিবন্ধিত নার্সকে উপস্থিত পাওয়া যায়নি। এ ছাড়া পরীক্ষাগারের প্রতিবেদন সংরক্ষণের প্রয়োজনীয় নথি ছিল না এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশও সন্তোষজনক ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা দেওয়া, অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্র লেখা এবং রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার অভিযোগে এনামুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
