২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ

বোয়িংয়ের ২১ উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, বিনিয়োগ ১৫০ কোটি ডলার

দেশীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির ২১টি উড়োজাহাজ লিজে নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রায় ১৫০ কোটি (১.৫ বিলিয়ন) ডলার বিনিয়োগে ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে।

বুধবার রাজধানীর বনানীতে আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। নতুন বহরে থাকবে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। ইউএস-বাংলার নতুন উড়োজাহাজ সংযোজন এ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ভবিষ্যতে ইউরোপ, উত্তর আমেরিকা ও ওশেনিয়ার গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার লক্ষ্যে আরও ওয়াইড-বডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে ২০০ জন পাইলট১০০ জন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার তৈরির উদ্যোগ নিয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, এই চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী করবে এবং পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top