হাসপাতালের সামনে অবৈধ স্থাপনায় বখাটেদের আড্ডা, নিরাপত্তাহীনতায় রোগী-শিক্ষার্থীরা
চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডেন্টাল কলেজ এবং নার্সিং কলেজের সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় কিশোর গ্যাং, মাদকসেবী, বখাটে ও ছিনতাইকারীদের আড্ডায় চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন রোগী, স্বজন ও শিক্ষার্থীরা।

এ ঘটনায় মঙ্গলবার চাঁন্দগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, অবৈধ দোকানপাটকে কেন্দ্র করে ইভটিজিং, অশ্লীল আচরণ, মাদকসেবন ও ছিনতাইয়ের মতো অপরাধ নিয়মিত ঘটছে। বিশেষ করে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের ছাত্রী এবং রোগীর নারী স্বজনরা হয়রানির শিকার হচ্ছেন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ জানান, হাসপাতালের প্রবেশমুখ ও সামনের সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পুরো পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আগামী ২ থেকে ৪ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের পরিদর্শক দল প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসার কথা রয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতাল-সংলগ্ন অবৈধ দোকানপাট অপসারণে ব্যবস্থা নেওয়া হবে এবং এসব ব্যবসার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে বিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হবে।
চাঁন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
